ফুলবাড়ীয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ফুলবাড়ীয়া প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ১৫১ (ময়মনসিংহ-৬) আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মুঃ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শহীদুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, বিলুপ্তপ্রায় দেশি মাছের উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও বাজারে নিরাপদ মাছের সরবরাহ নিশ্চিতকরণ, স্থানীয় বিভিন্ন জলাশয় ও মুক্ত জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছের অভয়াশ্রম রক্ষায় ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা ও সফলভাবে মাছ চাষের জন্য স্থানীয় সফল মৎস্যচাষি এবং সংশ্লিষ্টদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
বর্ণাঢ্য এ আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যচাষি, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রোটিনের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও মৎস্যসম্পদ বৃদ্ধিতে উপজেলার বিভিন্ন মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণসহ সপ্তাহব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে ফুলবাড়ীয়া উপজেলা মৎস্য দপ্তর।