ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার
বিশেষ (ক্যাম্পাস) প্রতিনিধিঃ
“হৃদরোগ নিয়ন্ত্রণে ও প্রতিরোধে ফিজিওথেরাপি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, সেমিনার,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (MCPHS)-এর উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর কলেজ মিলনায়তনে জাতীয় উদযাপনের অংশ হিসেবে কেক কাটা এবং এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিশিষ্ট অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডা. আব্দুল কুদ্দুস জাহিদ, সমন্বয়কারী ও ফিজিওথেরাপি বিভাগীয় প্রধান (সহকারী অধ্যাপক),মো. দিদার হোসেন, প্রধান, মানবসম্পদ ও হিসাব শাখা।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় সুধীজন এতে অংশ নেন। আলোচনা সভা শেষে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে কলেজ প্রাঙ্গণে এক বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে এলাকার শতাধিক সাধারণ মানুষকে ফিজিওথেরাপি ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, ফিজিওথেরাপিকে শুধু হাড় বা মাংসপেশির ব্যথা নিরাময়ের পদ্ধতি হিসেবে দেখলে ভুল হবে। এটি রোগ প্রতিরোধ, শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধি, স্ট্রোক বা হৃদরোগ পরবর্তী পুনর্বাসন এবং জীবনযাত্রার মান উন্নয়নের একটি বৈজ্ঞানিক ও অপরিহার্য চিকিৎসা সেবা।
বিশেষ করে স্ট্রোকের পর রোগীর ভারসাম্য রক্ষা, পেশিশক্তি ও সমন্বয় ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফেরাতে ফিজিওথেরাপি বিকল্পহীন। হৃদরোগের ঝুঁকি কমাতে বয়স উপযোগী নিয়মিত শারীরিক সক্রিয়তার ওপরও তারা জোর দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বিশ্বমানের ফিজিওথেরাপিস্ট হতে হলে গবেষণাভিত্তিক জ্ঞান, পেশাগত দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সেবা প্রদান করতে হবে।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, MCPHS-এর এই সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের মাঝে হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপি এবং শারীরিক সক্রিয়তার প্রয়োজনীয়তা তুলে ধরতে কার্যকরী ভূমিকা রাখবে।