নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
সদ্য প্রকাশিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অসাধারণ মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করতে এক জমকালো ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা শাখা।
‘A+ সংবর্ধনা–২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানটি স্থানীয় মিলনায়তনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য জনাব মাছুম মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা সভাপতি তারিকুজ্জামান তৌহিদ এবং জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক উমর ফারুকসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, উপহারসামগ্রী ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
অন্যদিকে, এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর থেকেই সারা বাংলাদেশ জুড়েই কৃতী শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও তাদের ভবিষ্যৎ দিগদর্শন দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও রাজনৈতিক সংগঠন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে ছাত্রশিবির । রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন এখন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। শিক্ষাবিদদের মতে, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এ জাতীয় সংবর্ধনা মূলক কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও ইতিবাচক প্রতিযোগিতার আবহ তৈরি করছে।