নেত্রকোণায় বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
বিশেষ প্রতিনিধি নেত্রকোণা
নেত্রকোণা শহরের বাণিজ্যিক এলাকা ‘বড় বাজার’ এলাকায় গতকাল ৭ আগস্ট রাত ১০ টা নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট। দীর্ঘ ২ ঘন্টার প্রচেষ্টায় ফায়ার ফাইটারদের নিবিড় ও নিরলস পরিশ্রম পুলিশ, বিজিবি, রেড ক্রিসেন্ট এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা সরাসরি পরিদর্শনে করেছেন নেত্রকোণা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় অধিবাসীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট সকল দপ্তরকে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন, ক্ষয়ক্ষতির সঠিক ও সুষ্ঠু মূল্যায়ন এবং ক্ষতিগ্রস্তদের প্র প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশনা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং নেত্রকোণা সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মহোদয় নেত্রকোণা সদর হাসপাতালে যান। সেখানে তিনি অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিবর্গ এবং উদ্ধার অভিযানে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া ফায়ার সার্ভিসের বীর ফায়ারফাইটারদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে আহতদের চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেন এবং তাঁদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগুনে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। চিকিৎসায় নিয়োজিত হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে:
এখন পর্যন্ত মোট ৪ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
চিকিৎসকদের মতে, ভর্তি থাকা কারও অবস্থাই ঝুঁকিপূর্ণ নয় এবং তাঁরা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
অগ্নিকাণ্ড পরবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়, নেত্রকোণা সদরের মাননীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদ প্রশাসক মহোদয় ঘটনার শুরু থেকেই সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন। সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সক্রিয় পরামর্শ ও সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।
তিনি আরো বলেন, “উদ্ধার ও ডাম্পিং কাজের সুবিধার জন্য বড় বাজার এলাকার রাস্তাগুলো ফাঁকা রাখুন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাকে বাকি কাজগুলো নির্বিঘ্নে শেষ করতে দিন। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীর পাশে সবসময় থাকবে।”
বর্তমানে ফায়ার সার্ভিস ডাম্পিংয়ের কাজ করছে এবং ধ্বংসস্তূপ থেকে সার্বিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।