ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিল সমর্থিত ফুটবল দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ নামের ১৪ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১৯জুন ২০২৬ (শুক্রবার) উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিন শেখ ওই গ্রামের বাসিন্দা নয়ন শেখের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফুটবল দল ব্রাজিলের প্রতি সমর্থন জানিয়ে বাড়ির পাশে পতাকা বাঁধছিল মাহিন। এ সময় অসাবধানতাবশত সেটি পাশে থাকা বৈদ্যুতিক লাইনের তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মাহিন।দুর্ঘটনার পর পরই পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কিশোর মাহিনের এমন মর্মান্তিক মৃত্যুতে পাঁচবাগ ইউনিয়নসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।