আনন্দ মোহন কলেজে ইসলামী ছাত্রীসংস্থার নবীনবরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নারী শিক্ষার্থীদের বরণে দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, আনন্দ মোহন কলেজ শাখা।
রোববার (০৯ আগস্ট) ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন ‘ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে’ বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে নতুনদের স্বাগত জানানো হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ময়মনসিংহ মহানগরীর সভানেত্রী তাহমিনা আক্তার মিনার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। মহানগর সেক্রেটারি তাজকিয়া বিনতে তাসলিম ও প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি সাদিয়া বিনতে জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদিকা সুমাইয়া নুসরাত মিম।
প্রধান অতিথির বক্তব্যে সুমাইয়া নুসরাত মিম বলেন:
“বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় বোনেরা, আজকের এই আনন্দঘন মুহূর্তে আমাদের একটু থমকে দাঁড়িয়ে ভাবা দরকার—প্রকৃতপক্ষে ‘সফল জীবন’ বলতে আমরা কী বুঝি? একজন শিক্ষার্থীর জন্য শুধু ভালো জিপিএ, বড় ডিগ্রি কিংবা উচ্চপ্রতিষ্ঠিত ক্যারিয়ারই কি সফলতার শেষ কথা? একজন মুমিনের কাছে সফলতার সংজ্ঞা আরও অনেক গভীর।”
তিনি আরও যোগ করেন:
“প্রকৃত সফলতা হলো নিজের মেধা ও যোগ্যতাকে মহান আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করা এবং চরিত্রকে কলুষমুক্ত রাখা। যখন একজন নারী একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও আত্মিক উন্নয়ন ঘটিয়ে উম্মাহর কল্যাণে ভূমিকা রাখতে পারেন, তখনই তার জীবন সার্থক হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন—‘যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতে প্রবেশাধিকার লাভ করল, সেই মূলত সফল হলো’ (সূরা আল-ইমরান: ১৮৫)। তাই আসুন, কেবল ডিগ্রিধারী না হয়ে নৈতিকতা ও দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ আদর্শ নারী হিসেবে নিজেদের গড়ে তুলি।”
উক্ত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আরিফা খাতুন, মহানগর ছাত্রীসংস্থার সাবেক সভানেত্রী হামিদা আক্তার পুষ্প এবং সংগঠনটির সদস্য সালমা খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা নবীন শিক্ষার্থীদের একটি নিরাপদ, সুন্দর ও নীতিভিত্তিক শিক্ষাজীবনের শুভকামনা জানান।