চরপড়া ও মেডিকেল কলেজ এলাকায় অবৈধ হকার উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ নগরীর চরপড়া ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ হকার্সের দোকান ও বিভিন্ন মালামাল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে দখল করে রাখা বিভিন্ন হকার্সের দোকান, আসবাবপত্র ও অন্যান্য মালামাল সরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কিছু মালামাল জব্দ করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না।
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং নগরীর সড়কগুলো দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।