শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা ঘোষণা; ধ্বংসস্তূপে কারাকাস

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার কিছু পরে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর প্রায় ৬টা) প্রথমে ৭.২ মাত্রার এবং এরপর ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ঘটনাটিকে একটি বিরল “সিসমিক ডাবলেট (Seismic Doublet)” হিসেবে উল্লেখ করেছে।

USGS জানায়, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে ক্যারাবোবো অঙ্গরাজ্যের মোরন (Morón) এলাকার কাছে। মাত্র ৩৯ সেকেন্ড পর একই অঞ্চলে ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পই তুলনামূলকভাবে অগভীর গভীরতায় সংঘটিত হওয়ায় কম্পনের তীব্রতা রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস, লা গুয়াইরা, ক্যারাবোবো, আরাগুয়া, মিরান্ডা ও ইয়ারাকুই অঙ্গরাজ্য। রাজধানীর বিভিন্ন এলাকায় বহুতল ভবন ধসে পড়েছে, বহু ভবনে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধুলোর বিশাল মেঘে ঢেকে যাওয়া ভবন, আতঙ্কিত মানুষের রাস্তায় ছুটে বেরিয়ে আসা এবং উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর দৃশ্য দেখা গেছে।

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর চাকাও (Chacao) ও আলতামিরা (Altamira) এলাকাসহ কয়েকটি স্থানে ভবন ধসে বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা রয়েছে। সেনাবাহিনী, দমকল বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা রাতভর উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন হাসপাতালকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পে দেশটির প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি রাজধানী ও ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহও বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করতে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) প্রাথমিক মূল্যায়নে জানিয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারিভাবে নিহত, আহত বা নিখোঁজের কোনো চূড়ান্ত সংখ্যা প্রকাশ করা হয়নি। উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি উপকূলীয় এলাকার জন্য অল্প সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া প্রতিবেশী কলম্বিয়া, ব্রাজিল এবং ত্রিনিদাদ ও টোবাগোর কিছু অংশেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

Desk News

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

২৭ টি প্রকাশিত লেখা