ময়মনসিংহে ‘অদম্য জুলাই’ কর্মসূচি পালিত; ছাত্রশিবিরের বিশাল বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে সংঘটিত জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ নগরী। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার নগরীর কেন্দ্রবিন্দু কৃষ্ণচূড়া চত্বর থেকে হাজার খানেক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে এক প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদবিরোধী ও গণহত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল বলেন, জুলাই অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার অকাতরে জীবনদান এবং অগণিত মানুষের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। যারা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে, সেই আওয়ামী লীগ ও তাদের দোসরদের অবিলম্বে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে হবে। শহীদদের রক্তের সাথে কোনো আপস হতে পারে না, তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ রাজপথ ছাড়বে না।
তিনি আরও বলেন, জুলাইয়ের রাজপথের এই চেতনাকে চিরসংগ্রামী ও উজ্জীবিত রাখতেই অদম্য জুলাই কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সাথে জুলাই শহীদদের বিচার, গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিচার, গণভোটের স্বীকৃতি এবং জুলাই সনদ কার্যকর করার জোর দাবি জানান তিনি।
ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসাইন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মুইন। এছাড়া ময়মনসিংহের সাবেক ও বর্তমান স্তরের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।