আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদে দলের একক প্রার্থী হিসেবে ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সারকে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্রের দাবি, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী নির্বাচন নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। বিভিন্ন দিক পর্যালোচনা শেষে দলের কেন্দ্রীয় নেতৃত্ব অধ্যাপক শহিদুল্লাহ কায়সারকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এর মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাংগঠনিক প্রস্তুতি ও জনসংযোগ কার্যক্রম জোরদার করছে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী চূড়ান্ত হওয়ার বিষয়টি নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা বলেন, দল ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রাথমিক জনসংযোগ কার্যক্রম শুরু করেছে। অধ্যাপক শহিদুল্লাহ কায়সারের নেতৃত্বে একটি পরিকল্পিত, আধুনিক ও জনবান্ধব নগর গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তারা ভোটারদের কাছে যাবেন।
দলীয় সূত্র আরও জানায়, খুব শিগগিরই সংবাদ সম্মেলন অথবা দলীয় সভার মাধ্যমে অধ্যাপক শহিদুল্লাহ কায়সারের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে সম্ভাব্য নির্বাচনী ইশতেহারের প্রাথমিক রূপরেখাও তুলে ধরা হবে।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণা হলে প্রচার-প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।