উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদকঃ
পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত ‘কাভা (CAVA) মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী উজবেকিস্তানকে টানা তিন সেটে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে হারিয়ে শিরোপার মূল লড়াই নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) ইসলামাবাদের লিয়াকত জিমনেসিয়াম কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় বাংলাদেশকে।
প্রথম সেটে শক্তিশালী সার্ভিস ও কার্যকর ব্লকিংয়ের সুবাদে ২৫-২১ পয়েন্টে জয় তুলে নেয় তারা। দ্বিতীয় সেটে উজবেকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশের শক্ত রক্ষণের সামনে সুবিধা করতে পারেনি; ২৫-২০ ব্যবধানে এই সেটটিও নিজেদের নামে লিখে নেয় বাংলাদেশ। এরপর তৃতীয় সেটে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে ২৫-১৯ পয়েন্টে জিতে ৩-০ সেটের জয় নিয়ে কোর্ট ছাড়ে হরষিত বিট ও তাঁর দল।
উল্লেখ্য যে, চলতি কাভা চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী লিগ ম্যাচেই এই উজবেকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল দল। এরপর একে একে কাজাখস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো পরাশক্তিদের হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট কাটে। আজকের সেমিফাইনাল জয়ে চলতি আসরে এটি বাংলাদেশের টানা পঞ্চম জয়, যা দলটির সাম্প্রতিক সাম্প্রতিক ধারাবাহিকতা ও খেলোয়াড়দের চমৎকার সমন্বয়ের প্রমাণ দেয়।
এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আগামী কাল কাঙ্ক্ষিত শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ ভলিবল দলের এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্সে টুর্নামেন্টজুড়ে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন প্রবীণ ও তরুণ খেলোয়াড়রা। অপরাজিত ধারা বজায় রেখে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের মাটি থেকে ট্রফি উঁচিয়ে দেশে ফেরার স্বপ্ন বুনছে লাল-সবুজ ব্রিগেড।